ডিএসইতে সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে লেনদেনও বেড়েছে দুই বাজারে। ডিএসইতে আজ প্রায় সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।আসন্ন বাজেট নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের প্রত্যাশার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পুঁজিবাজারের জন্য ৯০০ কোটি টাকা পুনঃ অর্থায়নের ঘোষণা দেওয়া হয়েছে। অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা চলছে। বিষয়গুলো বিনিয়োগকারীদের প্রত্যাশার অন্যতম কারণ বলে মনে করছেন তাঁরা।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৫৪৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭০ কোটি টাকা বেশি। এদিকে আজকের লেনদেন প্রায় সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ৫৫২ কোটি টাকার লেনদেন হয়েছিল। আর গত ১৯ মে ৫০০ কোটি টাকার ওপর অর্থাত্ ৫৩৮ কোটি টাকার লেনদেন হয়।আজ ডিএসইর ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৯৭৪ পয়েন্টে। একই সঙ্গে সাধারণ মূল্যসূচক বেড়েছে ৫৩ পয়েন্ট।ডিএসইতে আজ ২৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৪টিরই দাম বেড়েছে। কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ইউনাইটেড এয়ার, তিতাস গ্যাস, বিএসসিএল, স্কয়ার ফার্মা, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, এনবিএল, ওরিয়ন ফার্মা, আর এন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম ও আফতাব অটো প্রভৃতি।ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৭৮৯ পয়েন্টে। সিএসইতে আজ ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৭টরই দাম বেড়েছে, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা বেশি।