ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী
গতকালের ধারাবাহিকতায় আজ বুধবারও দিনের শুরু থেকে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। সেই সঙ্গে লেনদেনেও গতি লক্ষ করা যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৪৩৬ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এ সময়ে ডিএসইতে ২৭০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৫টিরই দাম বেড়েছে; কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দেড় ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩২৫ কোটি টাকা।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড এয়ার, ইউসিবিএল, আরএন স্পিনিং, জেনারেশন নেক্সট ফ্যাশন, বেক্সিমকো, গোল্ডেনসন, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, বিডি বিল্ডিং প্রভৃতি।