ডিএসইতে সূচক ও লেনদেন কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের মধ্য দিয়ে শেষ হলো সপ্তাহের প্রথম দিনের লেনদেন। এ নিয়ে গত সপ্তাহের শেষ দিনের মতো আজ রোববারও অর্থাত্ টানা দুই দিন সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হলো লেনদেন। এর আগে গত সপ্তাহের মঙ্গল ও বুধবার সূচক ঊর্ধ্বমুখী ছিল। আজ রোববার সারা দিন সূচকের নিম্নমুখী প্রবণতায় ওঠানামা চললেও মাঝে দুপুর ১২টার দিকে কিছুক্ষণের জন্য সূচক ঊর্ধ্বগামী ছিল। তবে দিন শেষে সূচক নিম্নমুখীই থাকে। একই সঙ্গে কমে লেনদেনের পরিমাণ ও বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে ৪২ পয়েন্ট কমে ৪,১২৪ পয়েন্টে দাঁড়ায়।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের ১০ মিনিটের মাথায় সূচক গত বৃহস্পতিবারের চেয়ে ৩১ পয়েন্ট কমে ৪,১৩৫ পয়েন্টে দাঁড়ায়। এরপর ২০ মিনিটে সূচকের তির ঊর্ধ্বগামী হয়ে সূচক কমার হার কমে গিয়ে দাঁড়ায় ৪,১৬৪ পয়েন্টে। অর্থাত্ গত বৃহস্পতিবারের চেয়ে মাত্র দুই পয়েন্ট কম। আধা ঘণ্টায় সূচক কমে ২৭ পয়েন্ট। বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে সূচক ঊর্ধ্বমুখী হয়ে সাত পয়েন্ট বাড়ে। ১২টা পাঁচ মিনিটে সূচক বাড়ার হার সর্বোচ্চ ১৪ পয়েন্ট ছিল। এরপর আবারও পড়ে যায় সূচক। বেলা একটায় সূচক কমে ২২ পয়েন্ট। এভাবে দিনের শেষ পর্যন্ত সূচক কমছিল।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬২টির দাম বাড়ে। কমে ১৬৮টির আর অপরিবর্তিত ছিল ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৮২ কোটি টাকার লেনদেন হয়, যা গত বৃহস্পতিবারের চেয়ে প্রায় ৯৯ কোটি টাকা কম।সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লি., কেয়া কসমেটিকস লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লি., স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, ন্যাশনাল ব্যাংক লি., জিপিএইচ ইস্পাত এবং লংকা-বাংলা ফিন্যান্স।