ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। পাশাপাশি কমেছে সূচকও। প্রথম দুই ঘণ্টা সূচকের ওঠানামা চলতে থাকলেও শেষ দুই ঘণ্টায় সূচক নিম্নমুখী প্রবণতা দেখিয়েছে। পাশাপাশি লেনদেনের পরিমাণও গতকালের চেয়ে কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৩৭ পয়েন্ট কমে ৫,১৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। নয় মিনিটে সূচক গতকালের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে যায়। এরপর বেশ কিছু কমে ২২ মিনিটে সূচক বাড়ার হার দাঁড়ায় চার পয়েন্ট। আধা ঘণ্টা শেষে আবারও ৩৭ পয়েন্ট বেড়ে যায়। দুপুর ১২ টা পাঁচ মিনিটে সূচক বাড়ার হার সর্বোচ্চ ৪৬ পয়েন্ট ছিল। দুপুর একটায় নিম্নমুখী হয়ে সূচক কমে ১০ পয়েন্ট। একটা ১০ মিনিটে সূচক আবারো বেড়ে যায় নয় পয়েন্ট। তবে এরপর থেকে দিনের শেষ পর্যন্ত সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল।আজ লেনদেন হওয়া ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ৭৭টির দাম, কমেছে ১৭৮টির আর অপরিবর্তিত আছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৪৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লঙ্কাবাংলা ফিন্যান্স, যমুনা অয়েল, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, আরএন স্পিনিং মিলস, তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট এবং জিপিএইচ ইস্পাত।