ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। কমেছে সূচকও। একই সঙ্গে গতকালের চেয়ে কমেছে লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সামান্য বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ২০ পয়েন্ট কমে চার হাজার ৬৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। এরপর কয়েকবার সূচক ওঠানামা করে নিম্নমুখী অবস্থার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।আজ ডিএসইতে মোট ২৭৮টি প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৯টির দাম কমেছে; বেড়েছে ১০৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ মোট ৬৬৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৮১ কোটি টাকা কম। গতকাল ডিএসইতে এক হাজার ৪৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।দিনের শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, তিতাস গ্যাস, মেঘনা পেট্রোলিয়াম, ইউসিবিএল, আরএন স্পিনিং, বিএসসিসিএল, বেক্সিমকো, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ২০৮টি প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩০টির দাম কমেছে; বেড়েছে ৬৯টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৫ কোটি টাকা কম।