ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে, কমেছে সিএসইতে

আজ বুধবার মিশ্র অবস্থার মধ্যে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুই-ই কমেছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ৫৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩০ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৫১৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ৩৬ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৪৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।
এদিকে দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪,০৭৬ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক গতকালের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে। তবে শেষ পর্যন্ত সূচক বাড়তি প্রবণতায় থাকে।
ডিএসইতে আজ ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৫৫টিরই দাম বেড়েছে। কমেছে ১১৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে বাড়লেও সিএসইতে সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২,৫৬৮ পয়েন্টে।
আজ সিএসইতে হাতবদল হওয়া ২২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দাম বেড়েছে। কমেছে ১০৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বিএসসিসিএল। প্রতিষ্ঠানটির ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, আরএন স্পিনিং, হেইডেলবার্গ সিমেন্ট, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার, গ্রামীণফোন, তাল্লু স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, অ্যাকটিভ ফাইন, নাভানা সিএনজি প্রভৃতি।