ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেশ কয়েক দিন ধরে বাজারে দরপতনের ঘটনা ঘটেছে। এতে সূচকের অবস্থান অনেক নিচে নেমে এসেছে। এ অবস্থায় সূচক বাড়ার বিষয়টি স্বাভাবিক হিসেবে দেখছেন তাঁরা। তবে কয়েকটি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকের শেয়ার কেনার ঘোষণা এর পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪.৩৯ শতাংশ বা ২১৩ পয়েন্ট বেড়ে ৫,০৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক বৃদ্ধির মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত ছিল।ডিএসইতে আজ মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৯টিরই দাম বেড়েছে, কমেছে আটটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩২৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৯৭ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—সিটি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনাইটেড এয়ার, ইস্টার্ন ব্যাংক, বেক্সিমকো, যমুনা অয়েল, এনবিএল, উত্তরা ব্যাংক, ফুওয়াং সিরামিকস ও ইউসিবিএল।