ডিএসইতে সূচক কমল ১১ পয়েন্ট, সিএসইতে ৪২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ রোববার শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চললেও নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এর ফলে সূচকও কমেছে। তবে ডিএসইতে লেনদেন সামান্য বেড়েছে।পবিত্র ঈদুল আজহা ও দুর্গা পূজাকে সামনে রেখে বাজারে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কমে যাওয়ায় সার্বিক লেনদেনে এর প্রভাব পড়েছে। এর ফলে লেনদেনও অনেক কমে গেছে বলে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। ঈদ ও পুজার ছুটির পর বাজারে স্বাভাবিক গতি ফিরে আসবে বলেও মনে করছেন তাঁরা।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১ পয়েন্ট কমে ৪৪৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। ২০ মিনিটের মাথায় সূচক ১৮ পয়েন্ট বাড়লেও আধা ঘণ্টায় এক পয়েন্ট কমে যায়। আর দুপুর ১২টায় সূচক ৩৬ পয়েন্ট বেড়েছিল। এরপর থেকে সূচক নিম্নমুখী হয়ে লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। আজ ডিএসইতে মোট ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮০টিরই দাম কমেছে। বেড়েছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিন শেষে স্টক এক্সচেঞ্জটিতে ৩৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১৭ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, সায়হাম টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, তাল্লো স্পিনিং, বিএসসিসিএল, ইউনিক হোটেল, নাভানা সিএনজি ও এমআই সিমেন্ট প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪২ পয়েন্ট কমে ১৩৫৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২২টিরই দাম কমেছে। বেড়েছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে দুই কোটি টাকা কম।