ডিএসইতে সূচক কমল ২৪ পয়েন্ট, সিএসইতে ৫৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ বুধবার শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চললেও নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। গতকালের চেয়ে লেনদেন কমেছে দুই বাজারেই।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বাজারের এ অবস্থাকে স্বাভাবিক হিসেবে দেখছেন। তাঁরা বলছেন, পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা সামনে রেখে অনেক বিনিয়োগকারী বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন। আবার অনেকে লেনদেনে নিষ্ক্রিয় রয়েছেন। ফলে বাজারে সূচক ও লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ২৪ পয়েন্ট কমে চার হাজার ৪৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। বেলা ১১টায় সূচক গতকালের চেয়ে ১৪ পয়েন্ট বেড়েছিল। এরপর থেকে নিম্নমুখী হয় সূচক। লেনদেনের শেষ পর্যন্ত নিম্নমুখী এই অবস্থা অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টিরই দাম কমেছে। বেড়েছে ৯৮ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪১৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৫ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, আমরা টেকনোলজিস, তিতাস গ্যাস, বেক্সিমকো, তাল্লু স্পিনিং, বিএসসিসিএল, সায়হাম টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম ও আরএন স্পিনিং প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৫৬ পয়েন্ট কমে ১৩৬২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৯টিরই দাম কমেছে। বেড়েছে ৬০টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা কম।