ডিএসইতে সূচক কমল ৮ পয়েন্ট, সিএসইতে ১০ পয়েন্ট
সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ারবাজারের সপ্তাহের শেষ দিনের লেনদেন। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে সূচক সামান্য কমেছে। একই সঙ্গে লেনদেনও কমেছে গতকালের চেয়ে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৮.৯৩ পয়েন্ট কমে চার হাজার ৪৮৪.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ১২ পয়েন্ট কমেছিল। এরপর সূচক ঊর্ধ্বমুখী হয়ে বেলা ১১টায় বেড়েছিল ৩০ পয়েন্ট। আর দুপুর সাড়ে ১২টায় সূচক বেড়েছিল ১৩ পয়েন্ট। এভাবে ওঠানামার পর নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শেষ হয়।আজ ডিএসইতে মোট ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টির দাম বেড়েছে; কমেছে ১১৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে ৩৪০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭৩ কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, যমুনা অয়েল, তিতাস গ্যাস, বেক্সিমকো, তাল্লু স্পিনিং, নাভানা সিএনজি, আফতাব অটো, অলিম্পিক ইন্ডস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১০.০৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৭২১.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯১টির দাম বেড়েছে; কমেছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৪৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি।