ডিএসইতে সূচক কমলেও লেনদেনে চাঙাভাব
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির দরপতন হয়েছে। ফলে সূচকও কমেছে। তবে গতকালের চেয়ে লেনদেন বেড়েছে এই স্টক এক্সচেঞ্জে। ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৭.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৩৫৭.১৭ পয়েন্টে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৮২ পয়েন্ট বেড়েছিল। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ডিএসইতে আজ লেনদেন হওয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত ছিল ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৭৫৯ কোটি টাকার, যা গতকালের চেয়ে ১৪৯ কোটি বেশি।ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: তিতাস গ্যাস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল, জিবিবি পাওয়ার, গোল্ডেনসন, সায়হাম কটন, আরএন স্পিনিং প্রভৃতি।