ডিএসইতে সূচক কমেছে ২০৩ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে আজ মঙ্গলবারও গতকালের মতো দরপতন অব্যাহত রয়েছে। আজ লেনদেনের শুরুতে সাধারণ সূচক কিছুটা কমতে থাকে। তবে প্রথম ঘণ্টা শেষে সূচক কিছুটা বাড়ে। এরপর সূচক আবার কমতে শুরু করে। দিনের লেনদেন শেষে সাধারণ সূচক ২০৩ পয়েন্ট কমে যায়। একই সঙ্গে কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইতে সাধারণ মূল্যসূচক ২০৩ দশমিক ২৪ পয়েন্ট কমে সাত হাজার ২৮০ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেন হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের। মোট লেনদেন হয়েছে ৯৩৮ কোটি টাকার।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন, তিতাস গ্যাস, বিএসআরএম স্টিল, বেক্সিমকো, এনবিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, ইউনিক্যাপ ও প্রাইম ব্যাংক। গতকাল ডিএসইতে সারা দিনই সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো। সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে সাধারণ মূল্যসূচক ৮৮ দশমিক ৩৮ পয়েন্ট কমে সাত হাজার ৪৮৪ দশমিক ২২ পয়েন্টে দাঁড়ায়। মোট লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বাড়ে ৭৮টির, কমে ১৭৮টির এবং অপরিবর্তিত ছিল দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া মোট লেনদেনের পরিমাণ এক হাজার ৭৭ কোটি টাকা।গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, ইউসিবিএল, ডেসকো, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, এনবিএল, বেক্সিমকো, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ারওয়েজ ও সিএমসি কামাল।