ডিএসইতে সূচক কমেছে ২৭ পয়েন্ট, সিএসইতে ৮২ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমুখী প্রবণতায় আজ বৃহস্পতিবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। সেই সঙ্গে লেনদেনও কমছে দুই বাজারে।

ডিএসইতে সূচক কমেছে ২৭ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ২০০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময় সূচকের বাড়তি প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টা শেষে সূচক নয় পয়েন্ট বাড়লেও এরপর নিম্নমুখী হয় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭০টির দাম কমেছে, বেড়েছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৩৬৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত মঙ্গলবারের চেয়ে সাত কোটি টাকা কম। মঙ্গলবার এই বাজারে ৩৭৪ কোটি টাকার লেনদেন হয়।

সিএসইতে সূচক কমেছে ৮২ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩১ পয়েন্টে।
সিএসইতে আজ ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৫০টির দাম কমেছে, বেড়েছে মাত্র ৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৯ কোটি টাকা কম। আগের দিন এই বাজারে ৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। আজ এই প্রতিষ্ঠানের ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া গোল্ডেন সন, আরএন স্পিনিং, জেনারেশন নেক্সট ফ্যাশন, আরগন ডেনিমস, বে লিজিং, বেঙ্গল উইন্ডসর, প্যারামাউন্ট টেক্সটাইল, ব্যাংক এশিয়া, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।