ডিএসইতে সূচক কমেছে ৫৭ পয়েন্ট, সিএসইতে ১৭৬
সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় আজ মঙ্গলবার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। গতকালের ধারাবাহিকতায় আজও দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ফলে সূচক কমেছে। পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে।
ডিএসইতে সূচক কমেছে ৫৭ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৫৬৭ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সাত পয়েন্ট সূচক বাড়ে। এরপর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২০২টির দাম কমেছে, বেড়েছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩৮৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৮ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৪৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ এ প্রতিষ্ঠানের ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম, বিএসসিসিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, হেইডেলবার্গ সিমেন্ট, স্কয়ার ফার্মা, রেনাটা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাটা শু, পদ্মা অয়েল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে সূচক কমেছে ১৭৬ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৮ পয়েন্টে।
সিএসইতে আজ ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬২টির দাম কমেছে, বেড়েছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ২৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।