ডিএসইতে সূচক বাড়ল ১৫৫ পয়েন্ট
সূচক ও দরের ঊর্ধ্বগামী প্রবণতায় শেষ হল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বুধবার সারা দিন সূচকের তির ঊর্ধ্বমুখীই ছিল। দিন শেষে ডিএসই সাধারণ সূচকে যোগ হয়েছে ১৫৫ পয়েন্ট। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ ও লেনদেন হওয়া প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৫৫ পয়েন্ট বেড়ে ৪,১৮৩ পয়েন্টে দাঁড়ায়। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে যায়। আধা ঘণ্টায় বাড়ে ৬২ পয়েন্ট। বেলা ১২টা পাঁচ মিনিটে সূচক বাড়ার হার সর্বোচ্চ ১১২ পয়েন্ট ছিল। দুই ঘণ্টায় বাড়ে ৯৭ পয়েন্ট। এরপর আরো বাড়তে থাকে সূচক এবং বেলা আড়াইটায় সর্বোচ্চ ১৭৬ পয়েন্ট বাড়ে। আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫৫টিরই দাম বাড়ে। কমে নয়টির আর অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ২০৪ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে প্রায় ৮৩ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লি., বেক্সিমকো, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক লি., লাফার্জ সুরমা সিমেন্ট, এমআই সিমেন্ট এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।