ডিএসইতে সূচক বাড়ছে
গতকালের ধারাবাহিকতায় আজ বুধবারও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনেও গতি লক্ষ করা যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৮১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমুখী এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৫৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৮টিরই দাম বেড়েছে; কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এনভয় টেক্সটাইল, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, জেনারেশন নেক্সট ফ্যাশন, আরগন ডেনিমস, তিতাস গ্যাস, ইউসিবিএল, অ্যাকটিভ ফাইন, জেএমআই সিরিঞ্জ প্রভৃতি।