ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে
দেশের দুই পুঁজিবাজারে আজ বুধবার দ্বিমুখী প্রবণতা লক্ষ করা গেছে। এর মধ্যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য দরপতন হয়েছে। ডিএসইতে সাধারণ সূচকের পাশাপাশি বেশির ভাগ শেয়ারের দাম ও আর্থিক লেনদেন বেড়েছে। অন্যদিকে সিএসইতে সূচক, বেশির ভাগ শেয়ারের দাম ও আর্থিক লেনদেন কমেছে। দিনভর ডিএসইর সূচকের ওঠা-নামা ছিল চোখে পড়ার মতো।ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেনের শুরুতে সাধারণ সূচক প্রায় ৩২০ পয়েন্ট বেড়ে যায়। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিট পর সূচক কমতে থাকে, যা একাধিকবার বাড়া-কমার পর দিন শেষে সাধারণ মূল্যসূচক ১৭৮.৫৯ পয়েন্ট বেড়ে ৭৬৯০.৬৯ পয়েন্টে দাঁড়ায়। গতকাল ডিএসইতে সাধারণ মূল্যসূচক ১০১২.৬৫ পয়েন্ট বেড়ে ৭৫১২.০৯ পয়েন্টে দাঁড়ায়, যা ডিএসইর ইতিহাসে এক দিনে সর্বোচ্চ সূচক বৃদ্ধির রেকর্ড। এর আগে ২০০৯ সালের ১৬ নভেম্বর ডিএসইতে সর্বোচ্চ ৭৬৪ পয়েন্ট বাড়ে।ডিএসইতে আজ মোট ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া মোট লেনদেনের পরিমাণ এক হাজার ৬৪৯ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৬৭২ কোটি টাকা বেশি। গতকাল ডিএসইতে মোট ৯৭৭ কোটি টাকার লেনদেন হয়।ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো ইউসিবিএল, এনবিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, সাউথইস্ট ব্যাংক, বেক্সটেক্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, এবি ব্যাংক, তিতাস গ্যাস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস ও গ্রামীণ ফোন।আজ সবচেয়ে বেশি বেড়েছে সায়হাম টেক্সটাইলের শেয়ারের দাম। এ ছাড়া প্রাইম লাইফ ইনস্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল, উত্তরা ফিন্যান্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, কর্ণফুলী ইনস্যুরেন্স, ফেডারেল ইনস্যুরেন্স, ইউসিবিএল, মেঘনা সিমেন্ট ও এশিয়া ইনস্যুরেন্স দাম বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে এআইবিএল প্রথম ইসলামী মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম। এ ছাড়া স্ট্যান্ডার্ড সিরামিক, সাভার রিফ্রাক্টরিজ, মেঘনা পেট্রোলিয়াম, দুলামিয়া কটন, চিটাগাং ভেজিটেবল, বাংলাদেশ শিপিং করপোরেশন, হাক্কানী পাল্প, রূপালী ব্যাংক ও রেকিট বেনকিজার দাম বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে। আজ ডিএসইর বাজার মূলধন তিন লাখ ২৯ হাজার ৬৬০ কোটি টাকা।অন্যদিকে সিএসইতে দিনের শুরুতে সাধারণ সূচক বাড়লেও দিন শেষে ৯৬.৬৩ পয়েন্ট কমে ২১৭৯৮.৪০ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৫টির কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে মোট পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সেখানে ১৫০ কোটি টাকার লেনদেন হয়।