ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ বুধবার দিনের শুরু থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন চললেও দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য কমেছে। তবে ডিএসইতে গতকালের চেয়ে লেনদেন বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪.২৩ পয়েন্ট বেড়ে ৫২০৯.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ৬১ পয়েন্ট বেড়ে যায়। আর এক ঘণ্টা শেষে সূচক বেড়েছিল ১০৬ পয়েন্ট। এরপর সূচকের তীর নিম্নমুখী হয়, এমনকি লেনদেন শেষ হওয়ার কিছুক্ষণ আগে সূচক ১৪ পয়েন্ট কমে যায়।ডিএসইতে আজ মোট ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৭টির দাম বেড়েছে। কমেছে ১৪৪টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৮২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭ কোটি টাকা বেশি।লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, বেক্সিমকো, গ্রামীণফোন, এনবিএল, মার্কেন্টাইল ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, এমআই সিমেন্ট, ইউসিবিএল, ইসলামী ব্যাংক ও সামিট পাওয়ার।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৯.৬১ পয়েন্ট কমে ১৪৮৪৩.৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬৫টির, কমেছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩২ কোটি টাকা লেনদেন হয়েছে।