ডিএসইতে সূচক বৃদ্ধির নতুন রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিএসইর ইতিহাসে রেকর্ড দরপতনের একদিন পর আজ মঙ্গলবার আবার নতুন রেকর্ড হয়েছে। তবে রেকর্ডটি দরপতনের নয়। সূচক বৃদ্ধির। ডিএসইর সাধারণ মূল্যসূচক এক দিনে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড সৃষ্টি করেছে আজ। তবে গতকালের চেয়ে লেনদেন বরাবরের চেয়ে কমেছে। আবার অতিরিক্ত দাম বৃদ্ধির কারণে ১৯৫টি প্রতিষ্ঠান সার্কিট ব্রেকার বা দাম বৃদ্ধির সর্বোচ্চ সীমায় পৌঁছায়।বাজার বিশ্লেষকেরা বাজারের চাঙা ভাবকে অস্বাভাবিক হিসেবে মন্তব্য করছেন। তাঁরা বলছেন, হঠাত্ করে অতিরিক্ত দরপতন বা অতিরিক্ত চাঙাভাব বাজারের জন্য মোটেও শুভকর নয়। বাজারের স্থিতিশীলতা রক্ষায় ধীরে ধীরে এটা হওয়া উচিত বলে মন্তব্য করেন তাঁরা।অন্যদিকে বিনিয়োগকারীরা বলছেন, বাজার অতিরিক্ত চাঙা হওয়ার কারণে বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম সার্কিট ব্রেকারে পৌঁছানোর কারণে তাঁরা আর শেয়ার কিনতে পারেননি।ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইতে আজ সাধারণ মূল্যসূচক ১৫ দশমিক ৫৮ শতাংশ বা ১০১২.৬৫ পয়েন্ট বেড়ে ৭৫১২.০৯ পয়েন্টে দাঁড়ায়। এর আগে ২০০৯ সালের ১৬ নভেম্বর ডিএসইতে সর্বোচ্চ ৭৬৪ পয়েন্ট বাড়ে। এই হিসেবে আজকের সূচকের বৃদ্ধি ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ। আজ লেনদেনের শুরুতে সাধারণ সূচক ৭০০ পয়েন্টের বেশি বেড়ে যায়। সারা দিনই সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে।এদিকে ডিএসইতে আজ মোট ২৪৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪৩টির এবং কমেছে মোট পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইতে মোট ৯৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।গতকাল সোমবার ডিএসইতে ইতিহাসের সর্বোচ্চ দরপতনের ঘটনা ঘটে। কয়েক হাজার বিনিয়োগকারী পুঁজি হারিয়ে রাস্তায় নেমে এসে বিক্ষুব্ধ ও সহিংস প্রতিবাদ শুরু করে। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো বন্ধ করে দেওয়া হয় দেশের প্রধান পুঁজিবাজারের লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই ধরনের ঘটনা ঘটে।গতকাল বিকেলেই এসইসি, ডিএসই, সিএসই ও মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে মিলিত হয়ে আগে নেওয়া বেশ কয়েকটি সিদ্ধান্ত নতুন করে সমন্বয় করা হয়।এদিকে বাজার অতিরিক্ত চাঙা হওয়ায় ডিএসইতে আজ ১৯৫টি প্রতিষ্ঠান দাম বৃদ্ধির সর্বোচ্চ সীমায় পৌঁছায়। ফলে এসব প্রতিষ্ঠানের শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না বলে জানা গেছে।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, এনবিএল, গ্রামীণফোন, বেক্সটেক্স, তিতাস গ্যাস, লঙ্কাবাংলা ফাইন্যান্স, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক।অন্যদিকে দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো এআইবিএল প্রথম ইসলামী মিউচুয়াল ফান্ড, অগ্নি সিস্টেম, ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক, ফু-ওয়াং ফুড, এনবিএল, প্রাইম ব্যাংক, শাইনপুকুর সিরামিক, উত্তরা ব্যাংক, বিডি ফাইন্যান্স ও ইউসিবিএল।আজ ডিএসইর বাজার মূলধন তিন লাখ ২৬ হাজার ১০৮ কোটি টাকা।এদিকে আজ বাজার চাঙাভাব হওয়ায় এক ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করা হয় বলে জানা গেছে।