ডিএসইতে সূচক বেড়েছে ৩৩৮ পয়েন্ট
টানা তিন দিনের দরপতনের পর আজ বুধবার শেয়ারবাজারে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ৩৩৮ পয়েন্ট বেড়েছে। সঙ্গে লেনদেন হওয়া প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা যাচ্ছে।এদিকে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে আজ সন্ধ্যায় বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুঁজিবাজারে সাম্প্রতিক ধসের পর বাজারসংশ্লিষ্ট সব পক্ষ নিয়ে প্রথমবারের মতো এ বৈঠক করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।ডিএসইতে সাধারণ সূচক ৩৩৮.২৩ পয়েন্ট বেড়ে ৪,৯৮৭.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ মোট ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪৫টির ও কমেছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ২৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে।ডিএসইতে আজ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের ১০ মিনিটের দিকে সূচক বাড়ে ২৫২ পয়েন্ট। আর ২০ মিনিটের দিকে সূচক বাড়ে ২৪২ পয়েন্ট। এরপর সূচক বাড়ার হার সামান্য ধীর হলেও প্রথম ঘণ্টার পর আবার সূচক দ্রুত বাড়তে থাকে। সাড়ে ১২টার দিকে সূচক ৩০০ পয়েন্টের ওপর বেড়ে যায়, যা শেষ পর্যন্ত অব্যাহত রয়েছে।লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—গ্রামীণফোন, এমআই সিমেন্ট, এনবিএল, মার্কেন্টাইল ব্যাংক, এসআইবিএল, বেক্সিমকো, ইউসিবিএল, ফুওয়াং সিরামিক, ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক। সিএসইতে সিএসসিএক্স সূচক ৫৩১.২২ পয়েন্ট বেড়ে ৯,১৩৬.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ সিএসইতে ৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে। আজ মোট ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১৮টির ও অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।প্রধানমন্ত্রীর বৈঠক: আজ সন্ধ্যায় গণভবনের কার্যালয়ে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছাড়াও এসইসি, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, আইসিবিসহ বাজারসংশ্লিষ্ট অন্যদেরও এই বৈঠকে থাকতে বলা হয়েছে। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।শেয়ারবাজারের সাম্প্রতিক ধসের পর বাজারসংশ্লিষ্ট সব পক্ষ নিয়ে প্রথমবারের মতো এ বৈঠক করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে বাজারে ধস শুরু হলে চলতি বছরের জানুয়ারিতে বাজারসংশ্লিষ্ট সবাইকে নিয়ে অর্থমন্ত্রী একটি বৈঠক করেন। ওই বৈঠকের পরই সাময়িকভাবে বন্ধ করে লেনদেন আবারও চালু করা হয়।