ডিএসইতে সূচক বেড়েছে ৬ পয়েন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সপ্তাহের প্রথম দিন রোববার সূচক কিছুটা বেড়েছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে বেশ কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সামান্য কমেছে; একই সঙ্গে কমেছে লেনদেন।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, সাম্প্র্রতিক সময়ে বাজারে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছিল। তখন লেনদেন অনেক কমে গিয়েছিল। আর গত কয়েক দিনে লেনদেন বেশ বেড়েছে। এতে বোঝা যায়, সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বাজারে সক্রিয় হয়েছে। বাজারের বর্তমান অবস্থাকে ইতিবাচক হিসেবে দেখছেন তাঁরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক ৮৮ পয়েন্ট বেড়েছিল। এরপর সূচকের তির কিছুটা নিম্নমুখী হয়।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির দাম বেড়েছে; কমেছে ১২৩টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৫৪১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৪৪ কোটি টাকা কম।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো, তিতাস গ্যাস, বিএসসিসিএল, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, মেঘনা পেট্রোলিয়াম, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, যমুনা অয়েল, আরএন স্পিনিং, এমআই সিমেন্ট ও সামিট পাওয়ার।সিএসইর সার্বিক মূল্যসূচক প্রায় এক পয়েন্ট কমেছে। সিএসইতে আজ ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৭০টির দাম বেড়েছে; কমেছে ৯৮টির, আপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৬৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৭ কোটি টাকা কম।