দেশের পুঁজিবাজারে এক দিন ঊর্ধ্বমুখী থাকার পর আজ বৃহস্পতিবার আবারও দরপতন হয়েছে। দিনের লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১.৭০ শতাংশ কমেছে আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক কমেছে ২.২৩ শতাংশ। একই সঙ্গে লেনদেনও কম হয়েছে দুই বাজারে। সূচকের এই পতনের ফলে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪৫০০ পয়েন্টের নিচে নেমে এসেছে। তবে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ পুঁজিবাজারে লেনদেন শুরু হয়।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অব্যাহত দরপতনের কারণে এমনিতেই বেশ কিছুদিন ধরে পুঁজিবাজারে তারল্য ও আস্থার সংকট বিরাজ করছে। অন্যদিকে আজ বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের দ্বিধাদ্বন্দ্ব বিরাজ করছিল। ফলে অনেকে বাজার পর্যবেক্ষণ করছেন। আবার শেয়ারের দাম অনেক কমে যাওয়ায় অনেকে নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না। এর ফলে লেনদেন অনেক কমে গেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৭.৯০ পয়েন্ট কমে ৪৫৮৬.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ৫৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৩টিরই দাম কমেছে। বেড়েছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ১৮৯ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭৩ কোটি টাকার কম। আর এটা প্রায় আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত বছরের ৩ নভেম্বর ১৮১ কোটি টাকার লেনদেন হয়েছিল।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, আরএন স্পিনিং, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, সোস্যাল ইসলামী ব্যাংক, ম্যাকসন স্পিনিং, এনবিএল, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, ইউসিবিএল ও ফু-ওয়াং সিরামিকস।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৯৫.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৯২৪.৫৮ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৬টিরই দাম কমেছে। বেড়েছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ২৮ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা কম।