প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন উদ্যোগের পর আজ বৃহস্পতিবার শেয়ারবাজারে দিনভর ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যায়। আজ দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। এদিকে সূচক বৃদ্ধির ফলে ডিএসইর সাধারণ মূল্যসূচক পাঁচ হাজার পয়েন্টের সীমা আবার অতিক্রম করেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৭৯.৩৯ পয়েন্ট বেড়ে ৫১৬৬.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সপ্তাহের শেষ কর্মদিবসে আজ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের পাঁচ মিনিটের দিকে সূচক ১৫১ পয়েন্ট বাড়ে। আর ১৫ মিনিটের দিকে সূচক ১৩৮ পয়েন্ট বেড়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সূচক আরও বাড়তে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৮টিরই দাম বেড়েছে। কমেছে ১৬টির আর অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৪১৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩১ কোটি টাকা বেশি।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, গ্রামীণফোন, এনবিএল, এসআইবিএল, ইউসিবিএল, ফু-ওয়াং ফুডস, মার্কেন্টাইল ব্যাংক, তিতাস গ্যাস, বেক্সিমকো ফার্মা ও সামিট পাওয়ার।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আজ ৩৪৮.৫৩ পয়েন্ট বেড়ে ১৪৫৫৯.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। স্টক এক্সচেঞ্জটিতে মোট ১৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১২টির ও অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের দাম। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯ কোটি টাকার।