ডিএসইতে সূচকের ওঠানামা
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে। সেই সঙ্গে লেনদেনেও ধীর গতি লক্ষ করা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৪০৪ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক ৬ পয়েন্ট বেড়ে যায়। তবে আধা ঘণ্টায় সূচক কমে ১৩ পয়েন্ট। এভাবেই সূচকের ওঠানামায় লেনদেন চলছে ডিএসইতে।
এই সময়ে ডিএসইতে ২৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯০টির দাম বেড়েছে। কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দেড় ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো, বিএসসি, গ্রামীণফোন, জেনারেশন নেক্সট ফ্যাশন, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, দ্য পেনিনসুলা চিটাগং, বিডি বিল্ডিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।