ডিএসইতে সূচকের রেকর্ড, বেড়েছে বেশির ভাগ শেয়ারের দর
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সাধারণ মূল্যসূচকের রেকর্ড হয়েছে। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, বেড়েছে লেনদেনও। ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সাধারণ মূল্যসূচক ৫৫ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৯৮৬ দশমিক ৯১ পয়েন্টে, যা ডিএসইর সর্বোচ্চ রেকর্ড। আজ ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ৭৩টির ও অপরিবর্তিত রয়েছে পাঁচটির। ডিএসইতে আজ মোট দুই হাজার ৪৯০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকাল বুধবারের চেয়ে ২৯৭ কেটি টাকা বেশি।আজ লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, তিতাস গ্যাস, স্টান্ডার্ড ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক।আজ সবচেয়ে বেশি বেড়েছে এইমস প্রথম মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। এ ছাড়া গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১, রূপালী ইনস্যুরেন্স, মিথুন নিটিং ও রহিম টেক্সটাইল দর বাড়ায় শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে কোহিনুর কেমিক্যালের শেয়ারের দর। এ ছাড়া জেমিনি সি ফুড, মুন্নু সিরামিক, সাফকো স্পিনিং ও মিরাকল ইন্ডাস্ট্রিজ দর কমে যাওয়া শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। আজ ডিএসইর বাজার মূলধন ৩,৩৭,৫৯৫ কোটি টাকা।