ডিএসইতে সোয়া তিন বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ রোববার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে লেনদেনও অনেক কমে গেছে। এর ফলে আজ ডিএসইর লেনদেন গত সোয়া তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে দাঁড়িয়েছে।বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব পুঁজিবাজারে পড়েছে। এর ফলে আজ লেনদেনের পরিমাণ অনেক কমে গেছে। একই সঙ্গে সূচকও কমেছে। ব্রোকারেজ হাউসগুলোতেও বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম ছিল বলে বিভিন্ন ব্রোকারেজ হাউস সূত্রে জানা গেছে। ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর ডিএসইতে সর্বনিম্ন ১০৯ কোটি টাকার লেনদেন হয়। এ ছাড়া গত বছরের ২০ জানুয়ারি ডিএসইতে ৬৮ কোটি টাকার লেনদেন হয়েছে। তবে ওইদিন মাত্র পাঁচ মিনিট লেনদেন হয় স্টক এক্সচেঞ্জটিতে। এ হিসেবে আজকের লেনদেন গত প্রায় সোয়া তিন বছরের মধ্যে সর্বনিম্ন। আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৭.০৯ পয়েন্ট কমে ৪,৩১৭.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনের শুরুতে সূচক কয়েকবার ওঠানামা করলেও দুপুর ১২টার পর থেকে সূচক নিম্নমুখী হয়। এক পর্যায়ে সূচক প্রায় ৫০ পয়েন্ট কমেছিল। শেষ পর্যন্ত নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।ডিএসইতে আজ ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৩টিরই দাম কমেছে। বেড়েছে ৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: আরএন স্পিনিং, গ্রামীণ ফোন, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ার, সামিট পাওয়ার, ঢাকা ডাইং, যমুনা অয়েল, তিতাস গ্যাস ও বিএসআরএম স্টিল।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ৯৪.৬৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১২৪৭৭.৪৫ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৭টিরই দাম কমেছে। বেড়েছে ৩০টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে নয় কোটি টাকা কম।