ডিএসইতে স্যামসন চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত
দেশের প্রখ্যাত ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরী স্মরণে এক সভার আয়োজন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় ডিএসইর মূল ভবনে এই স্মরণসভার আয়োজন করা হয়।স্মরণসভায় স্বাগত বক্তব্যে ডিএসইর সভাপতি শাকিল রিজভী বলেন, একজন ভালো শিল্পোদ্যোক্তা হতে হলে যেসব গুণ থাকা দরকার, তা সবই স্যামসন এইচ চৌধুরীর মধ্যে ছিল। পুঁজিবাজারের উন্নয়নে তাঁর অবদান ছিল অসামান্য। তিনি ব্যবসায়ী, উদ্যোক্তার পাশাপাশি সিডিবিএলের চেয়ারম্যানও ছিলেন। বিশেষ করে ডিএসইতে তাঁর অগ্রণী ভূমিকার কথা সবাই স্মরণ করবে। তিনি শেয়ারহোল্ডারদের সম্মান করতেন। তাঁর ওপর মানুষের যথেষ্ট আস্থা ছিল। ডিএসই পরিবারের সবাই তাঁকে সব সময় স্মরণে রাখবে।ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী তাঁর বক্তব্যে বলেন, স্যামসন এইচ চৌধুরী শুধু নিজের জন্য কাজ করেছেন, তা নয় বরং তিনি পুরো দেশের জন্য কাজ করেছেন। তাই দেশের মানুষ তাঁর কথা মনে রাখবে।সাবেক সভাপতি রকিবুর রহমান বলেন, ‘পুঁজিবাজারের মাধ্যমে শিল্পোন্নয়ন যে সম্ভব, এটা তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন। বিভিন্ন সময়ে পুঁজিবাজারের সংকটকালীন মুহূর্তে তিনি নেতৃত্ব দিয়েছেন। তাই তাঁকে হারিয়ে আমরা একজন অভিভাবক হারালাম।’তপন চৌধুরী বলেন, ‘আমার বাবা সততা ও মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। তিনি কখনো পয়সার বিষয়টি চিন্তা করতেন না। তিনি ছিলেন পরিশ্রমী ও দেশপ্রেমিক। তিনি বলতেন নিজের মধ্যে পরিবর্তন আনলে দেশের পরিবর্তন আসবে।’তপন চৌধুরী তাঁর বাবার স্মৃতিচারণা করে বলেন, ‘যেখানেই যাই, নিজের পরিচয় দিতে পারিনি। সবাই আমার বাবার পরিচয়েই আমাকে চিনতেন। এ রকম পিতা পাওয়া সত্যিই গর্বের বিষয়।’এ সময় ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম, সহসভাপতি মো. শাহজাহান, সিইও মোশাররফ এম হোসেন, সদস্য আবদুর রহমান, মেহনাজ মান্নান ইমন, এম এ হাসেমসহ ডিএসইর নেতা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।