ডিএসইতে হাজার কোটি টাকা লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার সূচকের বাড়তি প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও সূচক সামান্য বেড়েছে। তবে গতকাল মঙ্গলবারের চেয়ে লেনদেন কমেছে দুই বাজারে। এদিকে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কিছুটা কমলেও তা হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে এক হাজার ৪০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৫৪ কোটি টাকা কম। গতকাল এই বাজারে এক হাজার ২৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইর পাশাপাশি সিএসইতেও আজ লেনদেন কমেছে। আজ এই বাজারে ৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬ কেটি টাকা কম। গতকাল এই বাজারে ৯৩ কোটি টাকার লেনদেন হয়।

এদিকে আজ লেনদেন কমলেও দুই বাজারেই সূচক বেড়েছে।দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৩৪৫ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টার মধ্যে সূচক গতকালের চেয়ে ১০২ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপর থেকে সূচক বাড়ার হার কমলেও দিন থেকে ঊর্ধ্বমুখী থাকে সূচক।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৮টিরই দাম কমেছে; বেড়েছে ১১৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আজ লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণ ফোন। এ ছাড়া বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, ওরিয়ন ফার্মা, যমুনা অয়েল, পদ্মা অয়েল, তিতাস গ্যাস, ইউনিক হোটেল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ শিপিং করপোরেশন প্রভৃতি কোম্পানি লেনদেনের শীর্ষে উঠে আসে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৭৬ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৪টিরই দাম কমেছে; বেড়েছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।