দেশের শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ এখন প্রতিদিনই বাড়ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ হিসেবে পরিচিত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের পরিমাণ এক হাজার ৭৬৫ কোটি টাকা ছাড়িয়ে গেছে।গত ডিসেম্বর-জানুয়ারিতে বাজারে ভয়াবহ ধসের পর এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ লেনদেন। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর এক হাজার ৭৮৩ কোটি টাকার লেনদেন হয়েছিল। এর পর থেকে লেনদেন ক্রমাগত কমতে কমতে ৩০০ কোটি টাকারও নিচে নেমে আসে।তবে চলতি অর্থবছরে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার পর থেকে বিনিয়োগকারীরা আবার সক্রিয় হতে শুরু করেছেন। ফলে উভয় স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ বাড়তে থাকে। এতে অনেকের লোকসানের পরিমাণ যেমন কমে এসেছে, তেমনি অনেকেই ভালো মুনাফাও করেছেন। তাই স্বাভাবিকভাবে তাঁদের বিনিয়োগের সক্ষমতা বা ক্রয়ক্ষমতা বাড়ছে।বিশ্লেষকদের মতে, আগের ক্ষতি পুষিয়ে নিতে বিনিয়োগকারীরা তাঁদের ক্রয়ক্ষমতা পুনর্বিনিয়োগে লাগাচ্ছেন। এতে শেয়ারের ক্রয়-বিক্রয় বেড়ে গিয়ে লেনদেন বাড়াতে ভূমিকা রাখছে। ধসের পর বাজার যখন ঘুরে দাঁড়াতে শুরু করে, তখন এটাই স্বাভাবিক চিত্র। এতে নীতিনির্ধারকদের বিচলিত হওয়ার কিছু নেই। তবে তাঁদের খেয়াল রাখতে হবে, বাজারে এ অবস্থার সুযোগ নিয়ে আবার যাতে কেউ কারসাজিতে মেতে উঠতে না পারে। একই সঙ্গে সরবরাহের প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করে বাজারে নতুন নতুন ভালো মৌলভিত্তির কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করতে হবে।বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল সাধারণ মূল্যসূচক প্রায় ৩২ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৬১৯ পয়েন্ট ছাড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে বেড়েছে ১২৭টির, কমেছে ১২৭টির আর অপরিবর্তিত ছিল আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৩২ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮ হাজার ৮৫৪। স্টক এক্সচেঞ্জটিতে হাতবদল হয়েছে ২০১টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৮২টির আর অপরিবর্তিত ছিল সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে গতকাল মোট ১৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি।চিটাগাং ভেজিটেবলের এমডি ও পরিচালকদের তলব: পুঁজিবাজারের আইন ভঙ্গের অভিযোগে চিটাগাং ভেজিটেবল অয়েলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), সব পরিচালক ও কোম্পানি সচিবকে তলব করা হয়েছে। ২০১০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক বিবরণীতে সিকিউরিটিজ আইন পরিপালনে ব্যর্থতার কারণ জানতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তাঁদের তলব করেছে। ডিএসইর ওয়েবসাইটে গতকাল এ তথ্য জানানো হয়েছে।পরীক্ষামূলক লেনদেন: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মেম্বার সার্ভার অ্যাপলিকেশন (এমএসএ) প্লাস সফটওয়্যারের পরীক্ষামূলক লেনদেন বা মক ট্রেডিং শুরু হয়েছে।ডিএসইর ট্রেনিং একাডেমিতে গতকাল বিকেলে সংস্থাটির সভাপতি শাকিল রিজভী সফটওয়্যারটির মক ট্রেডিং আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ শাহজাহান খান, পরিচালক আহমেদ রশীদ লালী, প্রধান নির্বাহী কর্মকর্তা সতীপতী মৈত্রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরীক্ষামূলক ট্রেডিংয়ে তিনটি ব্রোকারেজ হাউসের পাঁচজন করে ১৫ জন প্রতিনিধি অংশ নেন। ডিএসই সূত্রে জানা যায়, নতুন এই সফটওয়্যার চালু হলে বিনিয়োগকারীরা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি লেনদেনে অংশ নিতে পারবেন। এরই মধ্যে ডিএসইর সদস্য বিভিন্ন ব্রোকারেজ হাউসের অনুমোদিত প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।