ডিএসইতে ১০ সপ্তাহের মধ্যে এমএসএ প্লাস চালু হবে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগামী ১০ সপ্তাহের মধ্যে ইন্টারনেট-ভিত্তিক লেনদেন বা এমএসএ প্লাস গো লাইভ প্রোগ্রাম চালু করা হবে। তবে এই ব্যবস্থা চালু করতে সৃষ্ট অমনিবাস জটিলতা নিরসনে মার্চেন্ট ব্যাংককে ছয় মাস সময় দেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।আজ সোমবার ডিএসইর সম্মেলন কক্ষে অমনিবাস জটিলতা নিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সঙ্গে বৈঠক করে ডিএসই কর্তৃপক্ষ। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এ সময় ডিএসইর সভাপতি রকিবুর রহমান, বিএমবিএর সভাপতি মোহাম্মদ এ হাফিজ, ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী, সহসভাপতি শাহজাহান ও আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে রকিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘গত ২৫ মার্চ এমএসএ প্লাস সফটওয়্যার চালু করার কথা ছিল। কিন্তু মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাবের জটিলতার কারণে তা সম্ভব হয়নি। আজ বিএমবিএর সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী ১০ সপ্তাহের মধ্যে এমএসএ প্লাস চালু ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছেছি।’আগামী ছয় মাসের মধ্যে মার্চেন্ট ব্যাংকগুলো অমনিবাস জটিলতা নিরসন করবে বলে জানান রকিবুর রহমান। এ লক্ষ্যে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামানকে প্রধান করে একটি টেকনিক্যাল কমিটি গঠন গঠন করা হয়েছে। এই কমিটিতে ডিএসই থেকে ছয়জন, মার্চেন্ট ব্যাংক থেকে পাঁচজন ও সিডিবিএল থেকে তিনজন টেকনিক্যাল সদস্য থাকবেন।আইসিবির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘অমনিবাস-সমস্যা সমাধানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যথাসময়ে এ সমস্যা সমাধান করা হবে।’এ সময় বিএমবিএর সভাপতি মো. এ হাফিজ বলেন, মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে অমনিবাস-সমস্যা সমাধানে সার্বিকভাবে সহায়তা করা হবে।