সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ওঠানামার পর গতকালের অবস্থানে দাঁড়িয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম কমেছে। একই সঙ্গে লেনদেনও গতকালের চেয়ে কমেছে। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ সারাদিনই বাজারে বেশ অস্থিরতা দেখা যায়। শেয়ার কারসাজির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ব্যবস্থা নিতে যাচ্ছে-এমন খবর বাজারে অস্থিরতার কারণ হিসেবে দেখছেন তাঁরা। তবে বাজারের সার্বিক অবস্থাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪৬৭৮.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে আজ লেনদেন শুরু হয়। ১০ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে ৮২ কমে যায়। তবে পরের ১০ মিনিটে সূচক ঊর্ধ্বমুখী হয়ে গতকালের অবস্থানের কাছাকাছি চলে আসে। এর পর আবারও সূচকের তির নিম্নমুখী হয়ে বেলা ১১টায় ৭০ পয়েন্ট কমেছিল। আর ১১টা ২০ মিনিটে সূচক বেড়েছিল ৩৫ পয়েন্ট। এভাবে দিনভর ছিল সূচকের ওঠানামা।এই সময়ে ডিএসইতে মোট ২৭৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৮টিরই দাম কমেছে। বেড়েছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ১১১৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭০ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: তিতাস গ্যাস, বিএসআরএম স্টিল, ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, বিএসসিসিএল, এমআই সিমেন্ট, ইউসিবিএল, এনবিএল, মেঘনা পেট্রোলিয়াম, সায়হাম কটন প্রভৃতি।অন্যদিকে, বেলা আড়াইটায় লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই—) সার্বিক মূল্য সূচক ৪.৫৬ পয়েন্ট বেড়ে ১৪৩১০.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২১টিরই দাম কমেছে। বেড়েছে ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকা কম।