ডিএসইতে ১৪ মাসে সর্বোচ্চ লেনদেন
দেশের পুঁজিবাজারে আজ বুধবার চাঙাভাবের মধ্যে লেনদেন শেষ হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। একই সঙ্গে সূচকও বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুই-ই বেড়েছে।বাজারসংশ্লি¬ষ্ট ব্যক্তিরা বলছেন, আজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ আর্থিক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেশি বেড়েছে। এর প্রভাব সার্বিক লেনদেনের ওপর পড়েছে। এ ছাড়া নতুন করে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হচ্ছেন। এটাও লেনদেন বাড়ার অন্যতম কারণ। এর মধ্যে অনেকে মুনাফা তুলে নিচ্ছেন বলেও মনে করছেন তাঁঁরা।এ বিষয়ে ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, ‘বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। স্টক ব্রোকার, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক ও মিউচুয়াল ফান্ড নতুন করে বাজারে সক্রিয় হচ্ছে। এর প্রভাব সার্বিক লেনদেনের ওপর দেখা যাচ্ছে।’আজ দিনের লেনদেন শেষে ডিএসইতে এক হাজার ২৮৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে প্রায় ২০০ কোটি টাকা বেশি। এ ছাড়া আজকের লেনদেন গত ১৩ মাস ২০ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ৩১ জুলাই ডিএসইতে এক হাজার ৩৪১ কোটি টাকার লেনদেন হয়েছিল।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দাম বেড়েছে। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাতের ২২টির মধ্যে ১৮ টির, বিমা খাতের ৪৫টির মধ্যে ৩৫টিরই দাম বেড়েছে, মিউচুয়াল ফান্ডের ৪১টির মধ্যে ৩৩টির দাম বেড়েছে। এ ছাড়া অন্য খাতগুলোয় মিশ্র অবস্থা দেখা গেছে।আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৪৬৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন শুরু হয়। দুপুর ১২টা ৪০ মিনিটে সূচক দিনের মধ্যে সর্বোচ্চ ১৩৮ পয়েন্ট বেড়েছিল। এরপর থেকে সূচক বাড়ার হার কিছুটা কমে।আজ ডিএসইতে মোট ২৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৭টিরই দাম বেড়েছে। কমেছে ৮১টির, অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের দাম।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, ইউনিক হোটেল, বিএসসিসিএল, বেক্সিমকো, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফিন্যান্স, গোল্ডেন সন, এমআই সিমেন্ট প্রভৃতি।অন্যদিকে বেলা আড়াইটায় লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১০৭ পয়েন্ট বেড়ে ১৪২৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৭টিরই দাম বেড়েছে। কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৩৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৮ কোটি টাকা বেশি।