ডিএসইতে ২৫ মার্চ অনলাইন লেনদেন শুরু
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫ মার্চ থেকে অনলাইন লেনদেন বা এমএসএ প্লাস সফটওয়্যার চালু হবে। অমনিবাস (সম্মিলিত) হিসাবসহ নতুন এ ব্যবস্থা চালু হচ্ছে। গতকাল মঙ্গলবার ডিএসইর বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী প্রথম আলো অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাব নিয়ে আমরা এসইসির কাছে সিদ্ধান্ত চেয়েছি। প্রাথমিকভাবে ২৫ মার্চ এটা চালুর সিদ্ধান্ত নিয়েছি। এসইসির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে।’লালী আরও বলেন, ‘নিয়ম অনুযায়ী অমনিবাসের অধীনে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব প্রয়োজন হলেও মার্চেন্ট ব্যাংকগুলো বর্তমানে “ক্লায়েন্ট কোড” ব্যবহার করে থাকে। এ মুহূর্তে এই কোডই ব্যবহার করে লেনদেন করা যাবে।’এর আগে গত ২৯ ফেব্রুয়ারি ডিএসইতে ইন্টারনেট ভিত্তিক লেনদেন চালু বা এমএসএ প্লাস সফটওয়্যার চালুর ক্ষেত্রে অমনিবাস জটিলতা নিয়ে মার্চেন্ট ব্যাংক ও ডিএসইর সঙ্গে বৈঠক করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।ওই দিন বৈঠক শেষে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম সাংবাদিকদের বলেন, এমএসএ প্লাস সফটওয়্যার চালু করতে হলে গ্রাহকদের পৃথক বিও হিসাবের প্রয়োজন রয়েছে। এর পক্ষে ২০০৮ সালের ১৬ জুন এসইসির জারি করা একটি প্রজ্ঞাপনও রয়েছে। সুতরাং নিয়ম অনুযায়ী মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাবের অধীনে গ্রাহকদের পৃথক বিও হিসাব প্রয়োজন। বর্তমানে মার্চেন্ট ব্যাংকগুলো একটি অমনিবাস হিসাবের অধীনে গ্রাহকদের পৃথক গ্রাহক কোড ব্যবহার করে থাকে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৬ জুন এসইসির এক প্রজ্ঞাপনে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬-এর বিধি ৩০-এর (ক) উপবিধি (৪) এর পরিবর্তে উপবিধি (৪) প্রতিস্থাপন করা হয়। এতে বলা হয়, ‘(৪) পোর্টফোলিও ম্যানেজার সাধারণভাবে প্রত্যেক মক্কেলের জন্য পৃথকভাবে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করিবে এবং যে ক্ষেত্রে সমষ্টিগতভাবে সিকিউরিটিজ ক্রয় বা বিক্রয় করা হয়, সে ক্ষেত্রে গড়পড়তা মূল্যে আনুপাতিকভাবে উহার বণ্টন করবে: তবে শর্ত থাকে যে, অজড় পদ্ধতিতে সংরক্ষিত সিকিউরিটিজের ক্ষেত্রে, পোর্টফোলিও ম্যানেজার প্রত্যেক মক্কেলের জন্য পৃথকভাবে সুবিধাভোগী মালিক হিসাব (বিও হিসাব) সংরক্ষণ করবে এবং উক্ত হিসাবের পক্ষে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করবে। এবং যে ক্ষেত্রে সমষ্টিগত হিসাবে (অমনিবাসের ন্যায় বিও হিসাব) সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করা হবে সে ক্ষেত্রে গড়পড়তা মূল্যে আনুপাতিকভাবে নিজ নিজ সুবিধাভোগী মালিক হিসাবে (বিও হিসাব) সিকিউরিটিজ স্থানান্তর করবে।’