ডিএসইতে ২৫ মাসের মধ্যে সর্বনিম্ন সূচক (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবারও দরপতন অব্যাহত রয়েছে। অব্যাহত এই দরপতনে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক দুই বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। আজ ডিএসইর সাধারণ সূচক ২ দশমিক ৮৫ শতাংশ কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ২ দশমিক ১৭ শতাংশ। আর দুই বাজারেই আজ লেনদেন কমেছে।এদিকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডিএসইর সভাপতি শাকিল রিজভী। দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পুঁজিবাজারে উত্থান-পতন থাকবে। একসময় ডিএসইতে দৈনিক মাত্র এক কোটি টাকা লেনদেন হতো। সেই লেনদেন একপর্যায়ে তিন হাজার কোটি টাকায় পৌঁছেছিল। তবে এখন লেনদেন অনেক কম হচ্ছে। এতে চিন্তিত হওয়ার কিছু নেই। বাজার তার নিজের গতিতে আবারও ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।শাকিল রিজভী বলেন, সম্প্রতি সরকারের নেওয়া কয়েকটি সিদ্ধান্ত, বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি নিয়ে গুজব, তারল্যসংকট, বিনিয়োগকারীদের ধৈর্যহীনতা ও দেশের সার্বিক অর্থনীতি বিনিয়োগকারীদের মধ্যে তথা বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। যার ফলে দরপতন ত্বরান্বিত হচ্ছে। এ অবস্থায় সব পক্ষকে যথাযথ ভূমিকা পালন করার আহ্বানও জানান তিনি।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৩২.৫২ পয়েন্ট কমে ৪৫০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক দুই বছরের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। এর আগে ২০০৯ সালের ২৯ ডিসেম্বর ডিএসইর সাধারণ মূল্যসূচকের অবস্থান ছিল ৪৫১৯ পয়েন্টে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক ৮৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩০টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১৮টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ২৩৩ কোটি ৪৬ লাখ টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫৩ লাখ টাকা কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, গ্রামীণফোন, যমুনা অয়েল, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, এনবিএল, সোস্যাল ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, ম্যাকসন স্পিনিং ও কেয়া কসমেটিকস।এ দিকে পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের ডাকা হরতাল গতকাল রাতে প্রত্যাহার করায় ডিএসইতে স্বাভাবিক লেনদেন হয়েছে। ডিএসইর সামনের সড়কেও যান চলাচল স্বাভাবিক ছিল। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ২৯১.৫১ পয়েন্ট কমে ১৩১৩৬.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ১৫৮টির, বেড়েছে ১৫টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা কম।