ডিএসইতে ৩৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন গতকাল রোববার ১৫০ কোটি টাকার নিচে নেমে গেছে। দিন শেষে গতকাল ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১২৮ কোটি টাকা। এটি গত প্রায় ৩৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ ২০০৮ সালের ১৭ ডিসেম্বর ডিএসইতে ১০৯ কোটি টাকার লেনদেন হয়েছিল।অবশ্য ২০১১ সালের ২০ জানুয়ারি ডিএসইতে মাত্র পাঁচ মিনিটে ৬৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। ওই দিন অস্বাভাবিক দরপতন রোধে পাঁচ মিনিট পরই লেনদেন বন্ধ করে দেওয়া হয়। এ কারণে ২০১১ সালের ২০ জানুয়ারিকে ‘স্বাভাবিক’ লেনদেন দিবস হিসেবে বিবেচনায় ধরা হয় না।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির কিছুটা নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে পড়েছে। বিএনপির আজকের (সোমবার) রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রাজধানীজুড়ে যানবাহনের ব্যাপক সংকট দেখা দেয়। এই কর্মসূচি ঘিরে এক ধরনের আতঙ্কও তৈরি হয়েছে। এ কারণে গতকাল ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল খুবই কম। অন্যান্য দিনের চেয়ে গতকাল বাজারে বিনিয়োগকারীর সক্রিয় অংশগ্রহণ কম থাকায় লেনদেনও উল্লেখযোগ্য হারে কমে গেছে। ঢাকার বাজারের মতো গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনেও ছিল ধীরগতি। এদিন সিএসইতে লেনদেন নেমে এসেছে ২০ কোটি টাকার নিচে।এদিকে লেনদেনের পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক কমেছে। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক আগের কার্যদিবসের চেয়ে প্রায় ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৩১৮ পয়েন্টে। আর সিএসইর সার্বিক মূল্যসূচক আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৯৫ পয়েন্ট কমে আবারও সাড়ে ১২ হাজারের নিচে নেমে এসেছে।মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে গতকাল ঢাকার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শুরু হয়। কিন্তু সেই গতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথম আধা ঘণ্টার মধ্যে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১৬ পয়েন্ট বেড়ে সর্বোচ্চ চার হাজার ৩৬১ পয়েন্টে উঠেছিল। এরপর সূচক কমতে থাকে। যদিও লেনদেনের শেষ ঘণ্টায় গিয়ে পতনের গতি কিছুটা মন্থর হয়।ডিএসইতে গতকাল ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৩টিরই দাম কমেছে, বেড়েছে ৭৩টির আর অপরিবর্তিত ছিল ১৭টির দাম। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৫৭ কোটি টাকা কম লেনদেন হয়েছে।চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে নেমে এসেছে প্রায় ১২ হাজার ৪৭৭ পয়েন্টে। সিএসইতে এদিন ১৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৭টির দাম কমেছে, বেড়েছে ৩০টির আর অপরিবর্তিত ছিল ১৩টি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে রোববার প্রায় ১৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে নয় কোটি টাকা কম।