দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের পরিমাণ বেড়েছে এবং লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচকও। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৯৭ পয়েন্ট বেড়ে ৪,৭৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।সকালে শুরু থেকেই ডিএসইতে সূচক ছিল ঊর্ধ্বমুখী। প্রথম আট মিনিটে সূচক ৪৬ পয়েন্ট বেড়ে যায় এবং আধা ঘণ্টা শেষে সূচক বৃদ্ধির হার দাঁড়ায় ৫৬ পয়েন্ট। দুপুর ১২টার দিকে সূচক বৃদ্ধির হার ৮০ পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল। পরে অবশ্য সূচক বাড়ার হার একটু কমে যায়। একটার দিকে সূচক বৃদ্ধির হার ছিল ৬০ পয়েন্ট। ডিএসইতে আজ মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৩টিরই দাম বেড়েছে, কমেছে ২৯টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৫৭৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে প্রায় ৯৩ কোটি টাকা বেশি।দিনের শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীণফোন, সামিট পাওয়ার, যমুনা অয়েল, কেয়া কসমেটিকস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লি., আফতাব অটোমোবাইলস, তিতাস গ্যাস এবং এমআই সিমেন্ট।