ডিএসইতে ৬৩১ কোটি টাকার লেনদেন
টানা নয় দিন ঊর্ধ্বমুখী থাকার পর আজ বৃহস্পতিবার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে। একই সঙ্গে গতকালের চেয়ে লেনদেন দুই বাজারে সামান্য কমেছে। তবে আজও ডিএসইর লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে।টানা নয় দিন পর সূচক কমার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন বাজার-সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, আজ ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পেশ করা হবে। বাজেটকে সামনে রেখে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের প্রত্যাশার সৃষ্টি হয়েছে। বাজেটে বাজারবান্ধব ঘোষণা থাকবে, এমন প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। এরই ইতিবাচক প্রভাব লেনদেনে পড়ছে। তাই ৬০০ কোটি টাকার ওপর লেনদেন হওয়ার বিষয়টিও ইতিবাচক হিসেবে দেখছেন তাঁরা।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৬৩১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৯ কোটি টাকা কম। গতকাল ৬৬০ কোটি টাকার লেনদেন হয়।ডিএসই সূত্রে আরও জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪০২৮ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সূচক গতকালের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৮টিরই দাম কমেছে। বেড়েছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, বিএসসিসিএল, তিতাস গ্যাস, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, যমুনা অয়েল, প্রিমিয়ার সিমেন্ট প্রভৃতি।ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৪৮৪ পয়েন্টে। সিএসইতে আজ ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫১টিরই দাম কমেছে। বেড়েছে ৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৪৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা কম।