ডিএসইতে ৬৪৫ কোটি টাকার লেনদেন
সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের। আজ মঙ্গলবার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে ডিএসইর লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক গতকালের চেয়ে ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪০৬২ পয়েন্টে। ডিএসইতে ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬১টির দাম বেড়েছে, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪৫ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ১৭২ কোটি টাকা বেশি।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসসিসিএল, ইউনিক হোটেল, মেঘনা পেট্রোলিয়াম, ইউনাইটেড এয়ার, অ্যাকটিভ ফাইন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা অয়েল, তাল্লু স্পিনিং প্রভৃতি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৫৫৭ পয়েন্টে। সিএসইতে আজও ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৪টিরই দাম বেড়েছে, কমেছে ৮১টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।