ডিএসইতে ৬৯১ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সপ্তাহের প্রথম দিনে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের পরিমাণ বেড়েছে এবং লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচকও। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে ১০৪ পয়েন্ট বেড়ে ৪,৮৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।তবে, সকালে শুরুতে ডিএসইতে সূচক ছিল নিম্নমুখী। প্রথম তিন মিনিটে সূচক গত বৃহস্পতিবারের চেয়ে ২ পয়েন্ট কমে যায়। সাত মিনিটে বেড়ে যায় ৩৬ পয়েন্ট। আধা ঘণ্টায় সূচক বাড়ে ৭২ পয়েন্ট। দুই ঘণ্টা শেষে সূচক বৃদ্ধির হার দাঁড়িয়েছিল ১১১ পয়েন্ট। তবে, দিন শেষে একটু কমে সূচক বাড়ার হার দাঁড়ায় ১০৪ পয়েন্ট ।ডিএসইতে আজ মোট ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৭টিরই দাম বেড়েছে, কমেছে ২৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৬৯১ কোটি টাকার লেনদেন হয়েছে।দিনের শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, সামিট পাওয়ার, গ্রামীণফোন, যমুনা অয়েল, ইউনাইটেড এয়ারওয়েজ, বিএসআরএম স্টিল, তিতাস গ্যাস, এমআই সিমেন্ট, এমজেএল বাংলাদেশ এবং আরএন স্পিনিং মিলস।