ডিএসইতে ৭১০ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার ঊর্ধ্বগতির মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনও। আজ ডিএসইতে ৭০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। বেড়েছে সিএসইর লেনদেনও।

ডিএসইতে সূচক বেড়েছে ৪৪ পয়েন্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২৮৮ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময় সূচকের বাড়তি প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৯টিরই দাম বেড়েছে, কমেছে ৮৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৭১০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২৩৫ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই বাজারে ৪৭৫ কোটি টাকার লেনদেন হয়।

সিএসইতে সূচক বেড়েছে ১৩২ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩২৯ পয়েন্টে।

সিএসইতে আজ ২২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১২৬টিরই দাম বেড়েছে, কমেছে ৭১টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩১ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই বাজারে ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং। আজ এই প্রতিষ্ঠানের ৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া জেনারেশন নেক্সট ফ্যাশন, তাল্লু স্পিনিং, গোল্ডেন সন, সিএমসি কামাল, প্যারামউন্ট টেক্সটাইল, আরগন ডেনিমস, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, লংকাবাংলা ফিন্যান্স, এনভয় টেক্সটাইল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।