ডিএসইতে ৮০০ কোটি টাকার বেশি লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ছাত্রশিবিরের ডাকা হরতালের মধ্যে আজ বুধবার দেশের শেয়ারবাজারের লেনদেনে মিশ্র প্রবণতা দেখা গেছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক সামান্য বেড়েছে দুই বাজারে। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৭.৭৯ পয়েন্ট বেড়ে ৪২৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৫০৩ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে থাকে। তবে দিন শেষে প্রধান সূচক সামান্য ইতিবাচক থাকে।
ডিএসইতে আজ লেনদেন হওয়া ২৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির দাম বেড়েছে; কমেছে ১৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ৮০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৩ কোটি টাকা বেশি। গতকাল ডিএসইতে ৭৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে জ্বালানি খাতের কোম্পানি তিতাস গ্যাস। এ ছাড়া বিএসসিসিএল, ইউনিক হোটেল, বিইডিএল, মেঘনা পেট্রোলিয়াম, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, আফতাব অটো, অ্যাকটিভ ফাইন, পদ্মা অয়েল, যমুনা অয়েল লেনদেনের শীর্ষে উঠে আসে।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩১০৮ পয়েন্টে। সিএসইতে আজ ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৪টির দাম কমেছে; বেড়েছে ৭২টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা কম। গতকাল এই স্টক এক্সচেঞ্জে ৫৯ কোটি টাকার লেনদেন হয়।