পুঁজিবাজারে আজ মঙ্গলবার চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৮০২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৮৩ কোটি টাকা বেশি। আর সূচক বেড়েছে ২৭৪ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে গত বুধবার প্রধানমন্ত্রীর বৈঠকের পর ইতিমধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্পষ্ট করে জানায়, শেয়ারবাজারে অপ্রদর্শিত আয় বিনিয়োগ করলে উত্স সম্পর্কে কোনো প্রশ্ন করবে না প্রতিষ্ঠানটি। আজ এসইসির পক্ষ থেকে আরও কিছু ঘোষণা আসতে পারে। আর এ বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করছে। এর প্রভাবে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৭৪.২৭ পয়েন্ট বেড়ে ৫,৫৯৬.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫০টিরই দাম বেড়েছে, আর কমেছে আটটির।আজ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক ১৯৫ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার গতি কিছুটা ধীর হয়ে পড়ে। তবে বেলা সাড়ে ১১টার পর থেকে সূচক আবার দ্রুত বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, সোস্যাল ইসলামী ব্যাংক, বেক্সিমকো, মার্কেন্টাইল ব্যাংক, এনবিএল, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউসিবিএল, তিতাস গ্যাস ও সামিট পাওয়ার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৮৮.৪১ পয়েন্ট বেড়ে ১০১৭০.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৮২টির ও কমেছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৯ কোটি টাকা বেশি।