ডিএসইতে ৮২০ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দেখা যায়, দুই বাজারেই গত বৃহস্পতিবারের চেয়ে লেনদেন বেড়েছে। একই সঙ্গে সূচকও বেড়েছে দুই বাজারে। আর ডিএসইর লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ৮২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৮৪ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই বাজারে ৭৩৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা বৃহস্পতিবারের চেয়ে নয় কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই বাজারে ৫১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।
এদিকে, দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪,১৬৩ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৭১টির দাম বেড়েছে, কমেছে ৯২টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
ডিএসইর মতো সিএসইতেও সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৮৩২ পয়েন্টে।
আজ সিএসইতে হাতবদল হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির দাম বেড়েছে, কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, আফতাব অটো, ইউনাইটেড এয়ার, অ্যাকটিভ ফাইন, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার, সিঙ্গার বিডি প্রভৃতি।