ডিএসইতে ৯ ও সিএসইতে ৩২ মাসের সর্বোচ্চ লেনদেন
দেশের দুটি শেয়ারবাজারে অনেক দিন পরে আবার লেনদেন বাড়ছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার চলতি বছর তো বটেই, গত নয় মাসের সর্বোচ্চ লেনদেন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৩২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।প্রধান শেয়ারবাজার ডিএসইতে গত কয়েক দিনের ধারাবাহিকতায় গতকাল লেনদেন বেড়ে এক হাজার ৭২ কোটি ২৬ লাখ টাকায় ওঠে, যা আগের দিনের তুলনায় ২২৫ কোটি টাকা বেশি। এর আগে ডিএসইতে সর্বশেষ গত বছরের ২৬ সেপ্টেম্বর এক হাজার ১৭২ কোটি টাকার লেনদেন হয়েছিল। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সব শ্রেণীর বিনিয়োগকারীর অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় লেনদেনে গতি সঞ্চার হয়েছে। নতুন করে বাজারে বেশ কিছু বিনিয়োগ আসছে।অপর শেয়ারবাজার সিএসইতে এ দিন লেনদেন এক লাফে ২৩১ কোটি টাকায় উন্নীত হয়, যা আগের দিন মঙ্গলবারের ৭৭ কোটি টাকার চেয়ে ১৫৪ কোটি টাকা বা তিন গুণ বেশি। এর আগে ২০১০ সালের ২৮ অক্টোবর সর্বশেষ সিএসইতে সর্বোচ্চ ৩৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল। লেনদেনের হঠাৎ এমন উল্লম্ফনের কারণ জানতে চাইলে সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘লেনদেন বৃদ্ধি বাজারের জন্য খুবই ইতিবাচক। তবে হঠাৎ এই বৃদ্ধির সুনির্দিষ্ট কোনো কারণ জানা নেই। এটি হয়তো আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফল। আমাদের প্রত্যাশা লেনদেনের এই ধারা অব্যাহত থাকুক।’বাজারসূত্রে জানা গেছে, গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জই বেশ সক্রিয় ছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। তবে প্রতিষ্ঠানটি গতকাল চট্টগ্রামের বাজারে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লেনদেন করেছে। এ কারণেই মূলত ওই বাজারে লেনদেনে হঠাৎ এই উল্লম্ফন ঘটেছে। এদিকে লেনদেনের পাশাপাশি গতকাল দুই বাজারে সূচকও বেশ বেড়েছে। ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট বা এক দশমিক ৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২৫৯ পয়েন্টে। আর সাধারণ সূচক ৯১ পয়েন্ট বা প্রায় দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪৭৭ পয়েন্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, বাজারে লেনদেন বৃদ্ধি সবার জন্যই খুশির খবর। এই লেনদেনের ধারা যদি অব্যাহত থাকে তাহলে সেটি বাজারের জন্য খুবই ভালো। কিন্তু প্রশ্ন হলো, লেনদেনের এই ধারা বজায় থাকবে কি না। তাই লেনদেন বৃদ্ধির প্রকৃত কারণটি খুঁজে বের করা দরকার। দেখা দরকার কোনো অযৌক্তিক প্রত্যাশা বা রিউমার (গুজব) তৈরি করে লেনদেন বাড়ানো হচ্ছে কি না, নাকি তা এই বাজারের মৌল ভিত্তির সঙ্গে সম্পর্কিত।মোহাম্মদ হেলাল আরও বলেন, ‘যদি বাজারের মৌল ভিত্তির সঙ্গে সম্পর্কের ভিত্তিতে লেনদেন বৃদ্ধি পায় তাহলে আমার ধারণা এই ধারা বজায় থাকবে। আর যদি রিউমার-নির্ভর হয় তাহলে তা স্থায়ী হবে না। কারণ, অর্থনীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন দেখছি না। যার প্রভাবে হয়তো এমনটি হতে পারে।’ তিনি বলেন, লেনদেনের হঠাৎ উত্থান আবার হঠাৎ পতনের চেয়ে লেনদেনের একটি ধারাবাহিক গতি বাজারের জন্য ভালো। ঢাকার বাজারে বুধবার ২৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত ছিল ২৫টির। চট্টগ্রামের বাজারে এ দিন ২১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম বেড়েছে ১০৫টির, কমেছে ৮৭টির আর অপরিবর্তিত ছিল ২৪টির।