টানা চার দিন দর বৃদ্ধির পর আজ বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। দিন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির দরপতন হওয়ায় সূচক কমেছে। তবে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন গতকালের চেয়ে বেড়েছে। এর ফলে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে।চার দিন একটানা দর বৃদ্ধির পর আজকের বিষয়টিকে প্রত্যাশিত ও স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, একটানা শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় আজ অনেক বিনিয়োগকারী তাঁদের লভ্যাংশ (প্রফিট) তুলে নেওয়ায় বাজারে মূল্য সংশোধন হয়েছে। আর লেনদেন বাড়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন তাঁরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৪৮ পয়েন্ট কমে ৫০০০ পয়েন্টের নিচে অর্থাত্ ৪৯৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ওঠানামার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম সাত মিনিটে সূচক বেড়ে যায় ২১ পয়েন্ট। তবে ২১ মিনিটের দিকে সূচক নিম্নমুখী হয়ে কমে যায় ১১ পয়েন্ট। আর আধা ঘণ্টা শেষে সূচক আবার ১০ পয়েন্ট বেড়ে যায়। দুপুর সোয়া ১২টার দিকে সূচক বাড়ে ৫৪ পয়েন্ট। এরপর সূচকের তীর নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৫০টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৯৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১২ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, ইউনাইটেড এয়ার, এমজেএল বিডি, তিতাস গ্যাস, যমুনা অয়েল, সামিট পাওয়ার, এমআই সিমেন্ট ও গোল্ডেন সন।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৮৮ পয়েন্ট কমে ১৪৪৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দাম বেড়েছে। কমেছে ১০৭টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৮৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি।