ডিএসইর ইজিএম শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী শনিবার দুপুর সাড়ে ১২টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসইর জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ইশতিয়াখ আহমেদ প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএসই সূত্রে জানা যায়, ২৯ অক্টোবর বিকেলে ডিএসইর ইজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ইজিএমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে ইজিএম স্থগিত করা হয়। পরে গতকাল বুধবার আবেদন প্রত্যাহার করেন আহমেদ ইকবাল হাসান। এরই পরিপ্রেক্ষিতে আগামী শনিবার ইজিএমের তারিখ পুনর্নির্ধারণ করা হয়। তবে ইজিএমের আলোচ্যসূচি এবং প্রস্তাবিত বিশেষ সিদ্ধান্তসমূহ অপরিবর্তিত থাকবে।

ইজিএমের আলোচ্যসূচির মধ্যে রয়েছে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণের (ডিমিউচুয়ালাইজেশন) অনুমোদিত কর্মসূচি (স্কিম), সংশোধিত সংঘবিধি ও সংঘস্মারক এবং প্রথম পরিচালনা পর্ষদের তালিকা গ্রহণ।