ডিএসইর ইজিএমের ওপর নিষেধাজ্ঞা আবেদন প্রত্যাহার
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিশেষ সাধারণ সভার (ইজিএম) ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।আজ বুধবার সকালে আবেদনকারী ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান নিজেই এটি প্রত্যাহার করে নেন।এতে ইজিএম অনুষ্ঠানের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না।
আহমেদ ইকবাল হাসান প্রথম আলো ডটকমের কাছে ওই আবেদন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ‘আমি স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণের (ডিমিউচুয়ালাইজেশন) বিরুদ্ধে নই।আমি আবেদন করেছিলাম ডিমিউচুয়ালাইজেশনের অসংগতি দূর করে সুশাসন নিশ্চিত করার জন্য।আমি চাই না ডিমিউচুয়ালাইজেশন বাধাগ্রস্ত হোক।তাই আবেদনটি প্রত্যাহার করেছি।’
জানা গেছে, ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান কিছু অসংগতির বিষয়ে ২৮ অক্টোবর হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের আদালতের শরণাপন্ন হন। এর পরিপ্রেক্ষিতে আদালত ইজিএমের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং আবেদনের শুনানির দিন ধার্য করেন। উচ্চ আদালত সোমবার নিষেধাজ্ঞা আরোপ করলেও গতকাল দুপুরে ডিএসইর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) হাতে এই নিষেধাজ্ঞার চিঠি পৌঁছায়। ফলে গতকাল মঙ্গলবার সব আয়োজন সম্পন্ন করার পর শেষ মুহূর্তে গিয়ে আদালতের নিষেধাজ্ঞার কারণে ডিএসইর আলোচিত ইজিএম অনুষ্ঠিত হয়নি।
জানতে চাইলে আবেদনকারীর আইনজীবী আহসানুল করিম গতকাল প্রথম আলোকে বলেছিলেন, ডিএসই যেভাবে আর্টিকেল অব মেমোরেন্ডামের পরিবর্তন এনেছে, তা সঠিক হয়নি। ডিমিউচুয়ালাইজেশন আইনের সঙ্গে অনুমোদিত স্কিমের কিছু বিষয়ে অসংগতিও রয়েছে। আবার দাবিদার না থাকা ডিএসইর চারটি সদস্যের সম্পদ অন্যদের কাছে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব বিষয়ে আইনি সুরক্ষার জন্য আদালতে পিটিশন দাখিল করেন আহমেদ ইকবাল হাসান। তবে পিটিশনের কোথাও ডিমিউচুয়ালাইজেশনের কোনো বিরোধিতা করা হয়নি, বরং আইনটিকে সঠিকভাবে পরিপালনে অসংগতিগুলো তুলে ধরা হয়েছে।
আহসানুল করিম আরও বলেন, আইনে স্বতন্ত্র পরিচালকদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের কথা বলা হলেও ডিএসই প্রথম পরিচালনা পর্ষদ গঠন করছে ২৫ সদস্যের। এটিও আইনের সঙ্গে অসংগতি।