ডিএসইর উন্নয়নে ঋণ-সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উন্নয়নে দ্বিতীয়বারের মতো ঋণ-সহায়তা প্রদানের পরিকল্পনা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ রোববার ডিএসইর পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক শেষে এডিবির কান্ট্রি ডিরেক্টর দিবা কুমার কান্দিয়া সাংবাদিকদের এই পরিকল্পনার কথা জানান। এ ছাড়া ডিএসই বিন্যস্তকরণের (ডিমিউচুয়ালাইজেশন) ব্যাপারেও এডিবি কাজ করছে বলে জানান তিনি।দিবা কুমার বলেন, ‘ডিএসইর কার্যক্রম নিয়ে পরিচালনা পর্ষদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। ডিএসইকে এডিবি ক্যাপিটাল মার্কেট প্রোগ্রাম লোন দেওয়ার পরিকল্পনা করছে। শেয়ারবাজারের উন্নয়নে আমাদের পরামর্শকেরা পরবর্তী কর্মসূচি নির্ধারণে পরিকল্পনা প্রণয়ন করছেন।’দিবা আরও বলেন, ডিএসইর বিন্যস্তকরণের ব্যাপারেও এডিবি কাজ করছে। এটা যাতে আন্তর্জাতিক মানের হয়, সে ব্যাপারে কাজ চলছে। আগামী মাসের শেষ দিকে সরকারের কাছে একটি সুপারিশ প্রদান করা হবে। সরকার ও ডিএসই কর্তৃপক্ষ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।বৈঠকে অন্যান্যের মধ্যে ডিএসইর সভাপতি শাকিল রিজভী, জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলামসহ পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।