ডিএসইর একগুচ্ছ সংস্কার প্রস্তাব এসইসিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে শেয়ারবাজার-সংশ্লিষ্ট একগুচ্ছ সংস্কার প্রস্তাব সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএসইর সভাপতি রকিবুর রহমান এসইসিতে এ প্রস্তাবমালা জমা দেন। এ সময় ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালি, প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন ও প্রধান অর্থ কর্মকর্তা শুভ্র কান্তি চৌধুরী উপস্থিত ছিলেন।এর আগে ওই প্রস্তাবগুলো ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেওয়া হয়। ডিএসইর সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রকিবুর রহমান বলেন, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিএসইর পক্ষ থেকে বেশ কিছু সংস্কার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবগুলো এসইসিতে জমা দেওয়া হয়েছে। এসইসির অনুমোদনের পর প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে।ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইর সংস্কার প্রস্তাবে যে বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে: পাবলিক মার্কেটে উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার লেনদেন বন্ধ করে কেবল ব্লক মার্কেটে বিক্রি করা, ‘পি’ ক্যাটাগরি নামে নতুন একটি ক্যাটাগরি গঠন; বিও হিসাবের নবায়ন ফি মওকুফ; আইপিওর মাধ্যমে টাকা তোলার সময় পরের তিন বছর আগের বছরের তুলনায় লাভ বেশি হওয়ার নিশ্চয়তা প্রদান; শেয়ারবাজার থেকে টাকা তুললে ৩০ শতাংশের বেশি ঋণ পরিশোধ না করা; রাইট শেয়ার ইস্যুর বিষয়ে সংস্কার; প্রিমিয়ামসহ কোনো কোম্পানি পুঁজিবাজারে আসতে চাইলে কোম্পানিকে নিশ্চয়তা দিতে হবে ছয় মাসের মধ্যে শেয়ারের দর ২০ শতাংশের নিচে নামবে না এবং এ ক্ষেত্রে শেয়ারের দর ২০ শতাংশের নিচে নামলে সংশ্লিষ্ট কোম্পানিকে যেকোনো উপায়ে তা কিনে নিতে হবে।এ বিষয়ে রকিবুর রহমান বলেন, বাজারের বর্তমান প্রেক্ষাপটে ওই প্রস্তাবগুলো ডিএসইর পক্ষ থেকে এসইসিতে জমা দেওয়া হয়েছে। এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বাজার আরও শক্তিশালী হবে বলেও মনে করেন তিনি।