ডিএসইর এমএসএ প্লাসের ত্রুটি তদন্তে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) লেনদেনব্যবস্থায় (এমএসএ প্লাস সফটওয়্যার) কারিগরি ত্রুটি তদন্তে একটি কমিটি গঠন করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিশেষ করে নতুন কোম্পানির লেনদেন শুরু করার ক্ষেত্রে এই সমস্যা লক্ষ করা গেছে। গতকাল রোববার এ কমিটি গঠন করা হয় বলে বিএসইসি সূত্রে জানা যায়।কমিটির আহ্বায়ক বিএসইসির নির্বাহী পরিচালক (এসআরএমআইসি) মো. আনোয়ারুল ইসলাম। অন্য সদস্যরা হলেন: নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম (এমআইএস) ও পরিচালক (প্রশাসন) শেখ মাহাবুবুর রহমান।বিএসইসির উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ‘বিএসইসি লক্ষ করেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) লেনদেনব্যবস্থায় মাঝেমধ্যেই কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে। বিশেষ করে পুঁজিবাজারে নতুন কোনো কোম্পানির লেনদেন শুরুর সময়ই এই প্রবণতা বেশি পরিলক্ষিত হচ্ছে। এই অস্বাভাবিক ঘটনার কারণ উদঘাটনে কমিশন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।’সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২১ ধারা মোতাবেক এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ১৫ নম্বর আইনের ১৭ক ধারা মোতাবেক সম্পূর্ণ বিষয়টি তদন্তের প্রয়োজন রয়েছে বলে আদেশে আরও বলা হয়।আদেশ জারির সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, গত বুধবার দুই স্টক এক্সচেঞ্জে ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন শুরু হয়। ওই দিন শুরুতেই লেনদেনের সফটওয়্যারে কারিগরি সমস্যা দেখা দেয়। এতে ভোগান্তির শিকার হন অনেক বিনিয়োগকারী। ফলে বিনিয়োগকারীরা কাঙ্ক্ষিত দরে শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারেননি। এমনকি লেনদেন চলাকালে অসংখ্য ক্রয়-বিক্রয় (বাই-সেল) আদেশ সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেছেন অনেক সিকিউরিটিজ হাউজের বিনিয়োগকারীরা। এর আগেও কয়েকটি কোম্পানির লেনদেন শুরুর দিনে সমস্যা দেখা দেয় বলে বিনিয়োগকারীরা অভিযোগ করেন।